জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবু বকর সিদ্দিকী এ আদেশ দেন।
এর আগে সোমবার কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ আদালতে দ্বীন ইসলামের দুই দিন রিমান্ড চায়। তখন কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলায় অবন্তিকার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান দুই দিনের রিমান্ডে রয়েছেন। তাকে বুধবার আদালতে তোলা হবে। সাত দিনের মধ্যে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
গত শুক্রবার রাতে কুমিল্লা শহরের নিজ বাসায় আত্মহত্যা করেন ফাইরুজ সাদাফ অবন্তিকা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
আত্মহত্যার আগেই নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তার মৃত্যুর জন্য আম্মান ও দ্বীন ইসলামকে দায়ী করেন অবন্তিকা।
তার মৃত্যুর পর মায়ের করা মামলায় দ্বীন ইসলাম ও আম্মানকে গ্রেপ্তার করা হয়। এই দুই আসামিকে রোববার কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এর আগে এক সংবাদ সম্মেলনে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আসামিদের আংশিক সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় পুলিশ।
অবন্তিকার আত্মহত্যা, শিক্ষক-সহপাঠী রিমান্ডে