ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকে বিভিন্ন বিষয় আলাপের পাশাপাশি শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণএশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল।
রোববার সন্ধ্যায় মোদী সরকারে টানা তৃতীয় দফায় শপথের পর দুই দেশের সরকারপ্রধানের বৈঠক হয়। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে বলে দেশ দুটির নেতা আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে নরেন্দ্র মোদীকে সুবিধাজনক সময় বাংলাদেশে সফর করার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকের পরে দুই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় যোগ দেন। এতে ভারতের সিনিয়র মন্ত্রীগণ, বাংলাদেশের প্রতিনিধিদল, আমন্ত্রিত সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেন। সেখানে তারা সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বহুমুখী সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে অনেক বিষয় জড়িত। যেহেতু উভয় সরকার দেশ পরিচালনায় অব্যাহত রয়েছেন, সেহেতু একসঙ্গে কাজ করার কিছু সুবিধা আছে।
ড. হাছান মাহমুদ বলেন, উভয় দেশের জনগণ বিভিন্ন দিক থেকে উপকৃত হচ্ছে। যার মধ্যে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে যোগাযোগ রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আশা, আমাদের বহুমাত্রিক সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত এবং গভীর হবে।

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে যোগ দিতে শনিবার নয়াদিল্লি সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
ওই দিন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে বিজেপির জ্যেষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদভানি এবং ভুটানের ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরের দিন সোমবার সকালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সবশেষ শেখ হাসিনার আমন্ত্রণে ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে যোগ দিতে শনিবার নয়াদিল্লি সফরে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
সোমবার বিকেলে তিনি ঢাকার উদ্দেশে রওনা করবেন বলে আশা করা হচ্ছে।
