প্রবল প্লাবনের তোড়ে অচল হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ও আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের কাজ। পানিতে তলিয়ে যাওয়ায় বুধবার সকাল ১০টার পর ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এদিকে বানের জলে বিচ্ছিন্ন হয়ে গেছে আখাউড়া-আগরতলা সড়ক যোগাযোগ। ভারতের পাহাড়ি ঢল আর উজান থেকে নেমে আসা পানির তীব্র ধাক্কায় গাজীরবাজারের জাজির পুল এলাকার অস্থায়ী সেতুটি ধসে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আখাউড়া উপজেলার অসংখ্য বহু গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন অসংখ্য মানুষ।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ খায়রুল আলম বলেন, সকাল ১০টা পর্যন্ত ২০-৩০ জন যাত্রী আসা-যাওয়া করেছেন। কিন্তু পানি ঢুকে পড়ায় এরপর থেকে ইমিগ্রেশনের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় শুরু হয় ভারি বর্ষণ। সকাল থেকে বন্দরের পাশের খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে।
খাল ভেসে এক পর্যায়ে পানি ঢুকে পড়ে স্থলবন্দর এবং বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেব নগরসহ অন্তত ৫০টি গ্রামে। ভেঙে যায় জাজির পুলের অস্থায়ী সেতু।
অবশ্য মঙ্গলবারেই পানির তোড়ে হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙ্গে যায়। সেখান দিয়ে পানি ঢুকতে শুরু করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।
দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, সকালে তীব্র বেগে ভারতীয় পানি ঢুকতে থাকে। এতে কয়েকটি গ্রামে পানি উঠার পাশাপাশি আখাউড়া-আগরতলা সড়কের অস্থায়ী সেতু ভেঙে যায়। পুরো বন্দর এলাকা পানিতে তলিয়ে গেছে।
ফেনীতে বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত 