রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতীক হিসেবে দলটির প্রথম পছন্দ শাপলা। তবে শাপলা দেশের জাতীয় ফুল হলেও এই প্রতীক নিয়ে কোনো জটিলতা নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, শাপলা একা জাতীয় প্রতীক নয়। বাংলাদেশ জাতীয় পার্টির প্রতীক কাঁঠাল। আবার ধানের শীষও প্রতীক আছে। এগুলো যেহেতু রাজনৈতিক দলের প্রতীক হয়েছে, শাপলাও হতে পারবে।
রোববার (২২ জুন) সন্ধ্যায় নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে তিনি এই সব কথা বলেন।
এ সময় নাহিদ বলেন, বাংলাদেশের যে প্রতীক বর্তমানে রয়েছে সেখানে ভালো কিছু নেই। তাই আমরা চাই কমিশন আরও প্রতীক অন্তর্ভুক্ত করবে।
এনসিপির এই শীর্ষ নেতা বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কারের কার্যক্রম চলছে। এই সংস্কার আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সংস্কার, জুলাই ঘোষণাপত্র মাথায় রেখেই আমরা নির্বাচনের প্রস্তুতি নেবো। আমাদের এখনও প্রধান প্রায়োরিটি সংস্কার, বিচার, জুলাই সনদ নিশ্চিত।
নাহিদ জানান, প্রবাসীদের ভোট যে কোনো মূল্যে নিশ্চিত করতে আমরা সিইসিকে বলেছি।
শেষে গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলো সবাই মিলে সরকার গঠন করা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে তিন দলের আপত্তি: আলী রীয়াজ