শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরিয়ে আইনের মাধ্যমে রিসিভ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরাতে লুটপাট করে দেশের সবকিছু নিয়ে গেছে। কিন্তু এখন লুটপাটের টাকা খেতে পারছে না। এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে।
তিনি আরও বলেন, মাঝে মাঝে শোনা যায়, ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে আসবেন। তবে ৩১ ডিসেম্বর কেন, যখনই আসবেন, তখনই আইনের মাধ্যমে তাকে রিসিভ করা হবে। হাতকড়া পরিয়ে রিসিভ করে বাংলাদেশের মানুষের ওপর মানবতাবিরোধী আচরণের বিচার দেশের মাটিতেই হবে।
এ সময় ভারতের উদ্দেশে মন্ত্রী বলেন, শেখ হাসিনাসহ তার দোসররা যারা পালিয়ে আছেন, তাদের অতিসত্বর বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশকে অনুরোধ করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের যে অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল, তার বিচার করতে হবে। সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার ও লুট হওয়া জনগণের টাকা নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান করতে চান তারা।
এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মানবিক নেতা হিসেবে সমাদৃত হয়েছেন। তবে দেশের চলমান পরিস্থিতি ঠিক করতে কিছুটা সময় দিতে হবে। কারণ তারা যে রাষ্ট্র পেয়েছেন, তার অবস্থা খুবই ভঙ্গুর এবং অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। এর কারণে গ্যাস, বিদ্যুৎসহ প্রতিটি খাতেই সংকট রয়েছে।
জ্বালানি খাতের উন্নয়নে বিগত ফ্যাসিস্ট সরকার ও অন্তর্বর্তী সরকার কোনো কাজ করেনি অভিযোগ করে তিনি বলেন, বরং লুটপাটের জন্য বিভিন্ন প্ল্যান্ট করা হয়েছে। সেগুলো চলুক বা না চলুক, বসিয়ে বসিয়ে টাকা দেওয়া হয়েছে। এভাবে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশের এই অবস্থা করা হয়েছে।
এ অবস্থা থেকে উত্তরণে কিছুটা সময় প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, একটি দল নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার জন্য প্রতিটি ক্ষেত্র তৈরি করেছিল। তবে তাদের সেই আশা ভঙ্গ হয়েছে। কারণ জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম এবং আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লংমার্চ নয়, জনতার কাতারে আসেন: বিরোধী দলের উদ্দেশে পানিসম্পদমন্ত্রী
শত্রুদের জন্য ‘দুঃস্বপ্ন’: ইরানে বড় পরিসরে আত্মত্যাগের মহড়া শুরু