দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, হামলা ও নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, চলমান এই পরিস্থিতির দায় পুরোপুরি সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই নিতে হবে। সরকারি দল পরিস্থিতি সামলাতে ব্যর্থ হলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম একই বিষয়ে সরকারের জবাবদিহি দাবি করার পর বক্তব্য দেন জামায়াত আমির। এ সময় অধিবেশন পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। উভয় নেতাই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেন।
সংসদে বিভিন্ন সাম্প্রতিক নাশকতার চিত্র তুলে ধরে শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে এবং থানার ফটকের মতো সুরক্ষিত জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যায়লয়ে পরপর তিন দিন ককটেল বিস্ফোরণ হয়েছে, যাতে মঙ্গলবার দুজন আহত হয়েছেন।
এছাড়া পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীবিরোধী অভিযানে এক সেনাসদস্যের নিহত হওয়া ও সাজেককে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করার পাশাপাশি গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও আগুনের ঘটনাও তিনি সংসদকে জানান। সরকারি দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং বিভিন্ন স্থানে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, এগুলার শেষ কোথায়?
এত অপরাধের পরও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা না থাকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, এত ঘটনার পর কাকে কোথায় গ্রেপ্তার করা হলো, তার কোনো সঠিক তথ্য নেই। উল্টো কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষই অপরাধীদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। দেশে পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার ব্যাটালিয়নের মতো এতগুলো বাহিনী থাকা সত্ত্বেও কেন অপরাধ ঠেকানো যাচ্ছে না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেছিলেন, এতসব উদ্বেগের পর স্বরাষ্ট্রমন্ত্রী নিজে থেকেই সংসদে এসে পরিস্থিতির ব্যাখ্যা দেবেন। কিন্তু অধিবেশনের শুরুর দুই দিন পেরিয়ে গেলেও তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি তাদের চোখে পড়ছে না, বরং উদ্বেগজনক হারে এর অবনতি ঘটছে।
হজ চুক্তি সই, কোটা বেড়ে সাড়ে ৮৩ হাজার
সিলিন্ডার গ্যাসের বাজারে নজরদারি জোরদার হচ্ছে: তথ্য উপদেষ্টা