কোরবানির ঈদ পর্যন্ত ভোজ্যতেলের সরবরাহ স্থিতিশীল রাখতে ভ্যাট ছাড় ও মূল্য সমন্বয়ের প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা।
এফবিসিসিআইয়ের সাথে আলোচনায় তেল পরিশোধন ইউনিয়নের প্রতিনিধিরা বলেন, বিশ্ব বাজারে তেলের দাম বাড়ছে, তাই দেশে ভর্তুকি দিয়ে ভোজ্যতেল সরবরাহের বিকল্প নাই।
আর এফবিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন, বেশি মুনাফার জন্য তেল মজুদ করলে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে বলা হবে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন মনে করে, ঘাটতি না থাকার পরও সয়াবিন তেলের দাম বাড়তে থাকা অস্বাভাবিক। গুটিকয়েক অসাধুর জন্য পুরো ব্যবসায়ী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
এক বছরের বেশি হলো দাম ঊর্ধ্বমুখী ভোজ্যতেলের বিশ্ববাজারে। তাই দেশেও দাম বাড়ছে। এই সুযোগে একেক বাজারে একেক দোকানী তেল বিক্রি করছেন একেক দামে।
পরিস্থিতি সামাল দিতে বাজারগুলোতে নিয়মিত অভিযানও চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
এবার ভোজ্যতেলের বেহাল বাজার নিয়ে নড়েচড়ে বসেছে ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। তাই পরিশোধন ইউনিট এবং মিল মালিক কর্তৃপক্ষের সাথে সোমবার বৈঠকে বসে তারা।
বৈঠকে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, গুটি কয়েক ব্যবসায়ীর দায় তারা নেবেন না। সন্ধানী ব্যবসায়ীদের সাথে তারা নেই।
বাজার নিয়ন্ত্রণে এফবিসিসিআই-এর পক্ষ থেকে মনিটরিং সেল গঠনের ঘোষণা দেন সংগঠনটির সভাপতি। একই সঙ্গে বাজার কমিটিগুলোকে তদারকি জোরদার করার প্রতি জোর দেন তিনি।
খোলা তেল বিক্রি বন্ধ ও আমদানিকৃত অপরিশোধিত তেল বন্ডের মাধ্যমে ছাড় করার পদ্ধতি চালুর পক্ষে মত দেন এফবিসিসিআই সভাপতি।
তিনি আরো জানান, ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে প্রতিবেশি দেশ ভারত তিনবার শুল্ক ও ভ্যাট সমন্বয় করেছে। বাংলাদেশেও ভ্যাট প্রত্যাহার করা উচিত।
এফবিসিসিআই সভাপতি বলেন, তেলের বিষয়টি কোনো মামুলি বিষয় নয়। এর আমদানি, পরিশোধন, সরবরাহ ও ভোক্তা পর্যায়ে দেয়ার প্রক্রিয়াটি অতি স্বচ্ছ হতে হবে।
সভায় মেঘনা গ্রুপের সিনিয়র এজিএম তাসলিম শাহরিয়ার জানান, গত এক বছরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ৬১ শতাংশ। একই সময়ে দেশের বাজারে মূল্যবৃদ্ধির হার ২১ শতাংশ।
সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা জানান, মিল মালিকদের পক্ষ থেকে বাজারে সরবরাহে কোনো ঘাটতি নেই।
আরও পড়ুন: খোলা বাজারে উধাও তেল, রান্নায় কান্নার অবস্থা
এস আলম গ্রুপের সিনিয়র মহা-ব্যবস্থাপক কাজী সালাহউদ্দিন আহাম্মদও এনবিআরকে ভ্যাট প্রত্যাহারের আহবান জানান। একই দাবি জানান টি কে গ্রুপের পরিচালক শফিউল তাছলিম।
পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. গোলাম মাওলা মিল মালিকদের প্রতি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আহবান করেন।
একাত্তর/আরএ
