সপ্তমবারের মতো স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি এবার ভালোমানের সোনার দাম ভরিতে ৪২০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নির্ধারিত মূল্যে এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হচ্ছে এক লাখ ১১ হাজার ৪১ টাকা, যার আগের দাম ছিল এক লাখ ১১ হাজার ৪৬১ টাকা।
এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬ হাজার ২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯০ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৫ হাজার ৫৬০ টাকায় বিক্রি করা হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টা থেকেই নতুন দাম কার্যকর করা হচ্ছে।
এদিকে, সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ২৮৩ টাকা।
গত ২৩ এপ্রিল সোনার দাম কমাতে শুরু করে বাজুস। ভরি প্রতি ২৩ এপ্রিল তিন হাজার ১৩৮ টাকা, ২৪ এপ্রিল দুই হাজার ৯৯ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৭ এপ্রিল ৬৩০ টাকা, ২৮ এপ্রিল ৩১৫ টাকা ও ২৯ এপ্রিল এক হাজার ১৫৫ টাকা কমানো হয়।
এর আগে, অবশ্য টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। গত ৬, ৮ ও ১৮ এপ্রিল সোনার দাম বাড়িয়েছিলো বাজুস। এর মধ্যে ৬ এপ্রিল বাড়ে এক হাজার ৭৫০ টাকা, ৮ এপ্রিল এক হাজার ৭৫০ টাকা এবং ১৮ এপ্রিল বেড়েছিল দুই হাজার ৬৫ টাকা।
কমানোর পরদিনই বাড়লো স্বর্ণের দাম 