চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের ব্যবসা জগতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। রোববার দিবাগত ভোর ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ৭৮ বছর বয়সী এই ব্যবসায়ী। বিকেলে ধুপখোলা মাঠে জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়।
পুরান ঢাকায় জন্ম নেয়া ফজলুর রহমান ১৯৫৮ সালে ছোট একটি মুদি দোকান দিয়ে শুরু করেন ব্যবসা। পরে এই শিল্প উদ্যোক্তার হাত ধরে ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি সিটি গ্রুপের যাত্রা শুরু হয়। সরিষার তেল উৎপাদনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল সিটি গ্রুপের।
এরপর দীর্ঘ ৬৫ বছরের ব্যবসায়ীক জীবনের পথ চলায় গড়ে তুলেন তীর ব্র্যান্ড নামে পরিচিত সিটি গ্রুপ। ৩৫টির মতো শিল্প কারখানার স্বত্বাধিকারী ফজলুর রহমান মৃত্যুর আগের দিন পর্যন্ত নির্মোহভাবে দেশের কল্যাণে কাজ করেছে বলে উল্লেখ করেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল।
ফজলুর রহমানের বেড়ে ওঠা এবং ব্যবসা শুরু পুরান ঢাকার গেন্ডারিয়া থেকে। সেখানকার মানুষও বলছেন, শিল্পপতি এবং বিত্ত বৈভবের মালিক হয়েও তিনি অতি সাধারণ জীবন যাপন করতেন। সিটি গ্রুপ কর্মচারীরা জানান, মালিক হয়েও ফজলুর রহমান তাদের প্রতি ছিলেন দায়িত্বশীল।
সোমবার বাদ আসর গেন্ডারিয়া ধুপখোলা মাঠে অনুষ্ঠিত ফজলুর রহমানের জানাজায় অংশ নেন অনেক ব্যবসায়ী। জানাজা শেষে জুরাইনে বাবা-মার কবরের পাশেই দাফন করা হয় সিটি গ্রুপ চেয়ারম্যানকে।
সিটি গ্রুপ চেয়ারম্যানের জীবন অবসান