রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর ও মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনের একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ধানমন্ডির অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করছে। অন্যদিকে মহাখালী এলাকার অগ্নিকাণ্ড মোকাবিলায় তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বেলা ১১টা ১২ মিনিটে তেজগাঁও এলাকার মহাখালীতে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও এসকে শপিং মলের পেছনের একটি পুরনো ভবনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
এর আগে সকাল ১০টা পাঁচ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত ‘এপেক্স’-এর একটি শোরুমে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত ঘটনাস্থলে বেলা ১০টা ১৫ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়।

প্রাথমিকভাবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় পরবর্তীতে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুটি ঘটনার কোনোটিতেই এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এসব ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।
