দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নানা অভিযোগ ও হয়রানির পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বিশেষ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর নাগাদ দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসাসেবা কার্যক্রম সরজমিনে ঘুরে দেখেন তদন্তকারী দল।
অভিযান শেষে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিয়ে কোনো ধরনের অনিয়ম, দালালদের খপ্পর ও হয়রানি বরদাশত করা হবে না।
তিনি জানান, সরেজমিনে দেখা অনিয়ম ও অব্যবস্থাপনার বিভিন্ন তথ্য ও চিত্র ইতিমধ্যে ঢামেক পরিচালককে অবহিত করা হয়েছে। একই সঙ্গে এসব সমস্যা ও অনিয়ম দ্রুত দূর করতে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
দুদক চেয়ারম্যান আরও হুঁশিয়ারি দেন যে, কেবল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালই নয়, সাধারণ মানুষের ভোগান্তি ও অনিয়ম বন্ধে দেশের অন্য সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোতেও দুদকের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
