কক্সবাজারের উখিয়া থেকে গত রোববার গ্রেপ্তার হওয়া আরসা প্রধানের ভাই মো. শাহ আলীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রী গিয়ান তংঞ্চঙ্গা রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী। তিনি জানান, উখিয়া থানা পুলিশের সাতদিনের রিমান্ড আবেদনের নথি পাওয়ার পর বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়।
তিন মামলায় তার সাতদিন করে রিমান্ড চেয়েছিল পুলিশ। আদালত শুনানী শেষে প্রত্যেক মামলায় দুইদিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে।
আরও পড়ুন: 'আইপি টিভি ও ইউটিউব চ্যানেল খবর প্রচার করতে পারে না'
এর আগে, রোববার শাহ আলীকে আটকের পর তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করে আর্মড পুলিশ। এছাড়া অপহরণের অভিযোগে আরও একটি মামলা হয়েছে।
এপিবিএনের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, শাহ আলীর বিরুদ্ধে বিরুদ্ধে ঢাকার হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা আছে।
২০১৯ সালে পুলিশের করা ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রও আছে।
শাহ আলী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার আতাউল্লাহ আবু আমমার জুনুনীর ভাই।
একাত্তর/টিএ
