ময়মনসিংহের নান্দাইলে আতশবাজি তৈরির একটি কারখানায় বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা গেছেন কারিগর নাছিমা আক্তার ও আফিলা বেগম।
বুধবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ছয়টার দিকে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দক্ষিণ বাশাটি গ্রামের আতশবাজির ব্যবসায়ী বোরহানের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে গেছেন বোরহান।
ময়মনসিংহের নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ জানান, ভোরে আতশবাজি তৈরির সময় বিস্ফোরক ও কেমিক্যাল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো ঘর বিধ্বস্ত হয় এবং আতশবাজি তৈরির দুই নারী কারিগর নাছিমা ও আফিলার দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু
ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, ওই কারখানায় পটকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামের সাথে কিছু বারুদ পাওয়া গেছে। সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
