গাজীপুরের ছোট দেওড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শনিবার (১৮ জুন) সকাল সাড়ে নয়টায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায় ওই যুবক ।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম হিরা জানান, সকালে মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজন মারা যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খন্ড-বিখন্ড হয়ে যাওয়া মরদেহটির সুরতহাল রিপোর্ট তৈরির পর তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি এবং কিভাবে বা কেন ট্রেনের নিচে কাটা পড়লো সে সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি বলেও জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।
একাত্তর/জো
