লক্ষ্মীপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের উত্তর রমাপুর গ্রামে জমি বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলায় কৃষক মো. হোসেন আহাম্মেদ (৬০) মারা গেছেন। এছাড়াও, এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, আমির হোসেন (৫০), তার ছেলে আকরাম হোসেন (১৯), নাজমুল ইসলাম (১৫), মনির আহমেদের ছেলে কামরুল হোসেন (২৩)। আর মৃত কৃষক হোসেন দিঘলী ইউনিয়নের উত্তর রমাপুর গ্রামের মৃত আলী আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সদর উপজেলার উত্তর রমাপুর গ্রামের আব্দুস সাত্তার মাস্টারের পরিবারের সঙ্গে একই এলাকার ইউনুস মাস্টারের পরিবারদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। বৃহস্পতিবার সকালে ইউনুসের ছেলে সাইফুর রহমান দুলাল, সাইদুর রহমান মিলন ও লিটন ভাড়াটে লোকজন নিয়ে বিরোধীয় জমিতে ঘর নির্মাণ করতে যান। এতে বাধা দিলে তারা সাত্তারের মেয়ে জামাই হোসেন আহমেদসহ আহতদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে আনার পথে হোসেন আহমেদ মারা যান। আহত আমির, আকরাম, নাজমুল ও কামরুলকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামিম মোহাম্মদ আফজাল বলেন, ‘নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। আহতদের হাত-পা, মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের এখানে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তাদের কে ঢাকায় স্থানান্তর করা হয়েছে’।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ জানিয়েছেন, ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, জাহানারা বেগম, আব্দুর রহিম ও মেহেদি হাসান বাবুল। এছাড়াও, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে ঘটনার পর থেকেই কয়েকজন হামলাকারী পালিয়ে আছেন।
