লঘুচাপের প্রভাবে সাগর যখন উত্তাল। শত শত মাছ ধরা ট্রলার শূন্য হাতে ফিরছে তীরে। ঠিক সেই সময়ে এক মাছ ধরা ট্রলারের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বড়সড় ব্লু-মার্লিন ফিস।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে প্রায় নয় ফুট লম্বা ও ১১০ কেজি ওজনের মাছটি ভ্যানে করে মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয় বিক্রির জন্য।
মহিপুরের লালুয়া ফিসের মালিক বাচ্চু মিয়া ১৫ হাজার টাকায় মাছটি কিনে রাখেন। দুপুরে মাছটি বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয়।
পাখির মতো লম্বা ঠোট, শরীরের উপর নীল-কালো এবং নীচে রূপালী সাদা। প্রায় ১৫ সারি ফ্যাকাসে কোবাল্ট রঙের স্ট্রাইপসহ উপরের পাখনা কালো ও গাঢ় নীল। শরীরের অন্য অংশের পাখনা বাদামী কালো এবং কিছু নমুনায় গাঢ় নীল রঙের আভাযুক্ত। প্রায় দুই ফুট ব্যাসার্ধের হালকা বাদামী রংয়ের লেজ। মাছটি মৎস্য আড়তে আনার পর শতশত মানুষ ভিড় করে মাছটি দেখতে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছ অনেক দ্রুত গতির। এটি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিতে দৌড়ায়। ব্লু মার্লিন সাধারণত প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে দেখা যায়। তবে এর আগেও কুয়াকাটায় এ ধরনের মাছ ধরা পড়েছে জেলেদের জালে।
একাত্তর/জো
