অভিনব পন্থায় প্রায় সাড়ে তিন কেজি দুর্লভ আফিম পাচারকালে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার (২৭ আগস্ট) চট্টগ্রামের সাতকানিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সোমবার (২৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৭। গ্রেপ্তার ব্যক্তির নাম সুমন তংচংগ্যা (২৮)।
উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য তিন কোটি ৫৮ লাখ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতকানিয়া থানার কেরানীহাট-বান্দরবান মহাসড়কে কতিপয় ব্যক্তি আফিম ক্রয়বিক্রয় করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে র্যাব।
এই তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে সুমন তংচংগ্যাকে আটক করা হয়।
পরে আসামির হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতরে কালো পলিথিন দিয়ে মোড়ানো আঠালো ও খয়েরি রংয়ের তিন কেজি ৫৮০ গ্রাম আফিম উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: র্যাব মাদক নির্মূলে নিরলস ভূমিকা রাখছে: ডিজি র্যাব
গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। অর্থ সংগ্রহের জন্য সে দীর্ঘদিন যাবৎ দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে আফিম সংগ্রহ করে তা দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা মাদকদ্রব্য সংক্রান্ত পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/এসজে
