নেত্রকোনায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের চালক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই মোটরসাইকেলের আরেক আরোহী। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আইনুল হক (৩৫)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানিখোলা ইউনিয়নের কাটাখালি গ্রামের মো. এমদাদুল হক মল্লিকের ছেলে।
আইনুল গ্রামীণ ব্যাংকের দুর্গাপুর উপজেলার কুল্লগড়া শাখার সেকেন্ড ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
আহত ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের ওই ব্রাঞ্চের পিওন হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে অফিসের কাজে দুর্গাপুর থেকে কলমাকান্দায় মোটরসাইকেল যোগে রওনা হন আইনুল হক। এ সময় তিনি মিজানুরকে সঙ্গে নেন। পথে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের গজারমারি এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গেলে তারা দুর্ঘটনার কবলে পড়েন। এসময় ঘটনাস্থলেই নিহত হন আইনুল। আর আরোহী মিজানুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুন: পাঁচ বছর পর সুন্দরবনে বাঘ গণনা
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খোকন কুমার সাহা জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি চালকসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গ্রামের বাড়ি খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসার পর তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/এসি
