নওগাঁর মান্দায় ট্রাক্টর চাপায় আমেনা বেগম (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে নওগাঁ- রাজশাহী মহাসড়কের নীলকুঠি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আমেনা বেগম উপজেলার গণেশপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে আমেনা বেগম মাঠে ছাগল রেখে নীলকুঠি মোড়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় মান্দার ফেরীঘাটগামী একটি মোটরসাইকেল বালুবাহী একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে আমেনাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গেলে পেছন থেকে আসা ওই বালুবাহী ট্রাক্টরটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা দুর্ঘটনার পর আমেনা বেগমকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাঙ্গাবালীতে যুবকের মরদেহ উদ্ধার
মান্দা থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/আরএ
