বেপরোয়া গতির বাস উল্টে এক শিশুর মৃত্যু, আহত ১৭

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৪:৫১ পিএম

পটুয়াখালীতে বেপরোয়া গতির কারণে ইকোনো পরিবহনের একটি বাস উল্টে ওই বাসে থাকা ছয় বছরের শিশু রোজা বিনতে রিয়া মনি নিহত হয়েছে। শিশুটির মা-বাবা ও ভাইসহ আহত হয়েছেন আরও ১৭ যাত্রী। রিয়া মনির মা জেসমিন বেগমের (৩৫) পা কাটা যাওয়ায় ও ভাই জুনায়েদের (১৩) আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। আর বাবা রিয়াজউদ্দিন (৪০) পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বুধবার (৮ মার্চ) ভোররাত সোয়া চারটায় পটুয়াখালী সেতুর উত্তর প্রান্তে খলিশাখালির ঢালে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের পটুয়াখালী মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করে। বাসের চালক ও হেলপারও পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। 

আহত ওই বাসের যাত্রী পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের ঠেঙ্গাই গ্রামের মোহাম্মদ গিয়াস (৩৫) জানান, গতকাল রাতে গাজীপুরের আব্দুল্লাহপুর থেকে পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশ্যে ইকোনো পরিবহনের বাসটি ছেড়ে আসে। শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। বরিশালে আধাঘণ্টার বিরতির পরে পটুয়াখালী সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে অতিক্রমের সময় বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।  এ সময় বাসটি বাম দিক থেকে ডান দিকে টান করলে উল্টে যায়। 

image


পটুয়াখালী হাসপাতালে ভর্তি বাসের আরেক যাত্রী নাজমুল ইসলাম (৩৫) জানান, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ড্রাইভারকে পথে বারবার সাবধান করা হয়েছিল। 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার রতন দে জানান, বাস দুর্ঘটনায় আহত মোট ১৮ জন ভোররাত সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে হাসপাতালে আসে। এরমধ্যে ছয় বছরের শিশু রিয়া মনি মারা যায়। মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে তার মৃত্যু হয়। তার মা জেসমিনের ডান পা কেটে যাওয়ায় হাঁটুর কাছ থেকে ফেলে দিতে হয়। তাকে এবং রিয়া মনির ভাই জুনায়েদকে (১৩) মুমূর্ষ অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে। এছাড়া হাসপাতালের সার্জারি মেল ওয়ার্ড থেকে জাকির হোসেন নামে আরেক আহত রোগীকে বরিশালের রেফার করা হয়েছে। 

নিহত রিয়া মনির বাবা পটুয়াখালি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজুল ইসলাম (৪০) এখনো জানেন না তার মেয়ের মৃত্যুর এবং স্ত্রী ও ছেলের মুমূর্ষ অবস্থার খবর। 

আরও পড়ুন: ঢাকায় বিস্ফোরণ: নিহত বেড়ে ১৮, উদ্ধার কাজ আপাতত স্থগিত

তার সাথে থাকা সহকর্মী জানান, সপরিবারে কুয়াকাটা ভ্রমণের জন্য ওই বাসে আব্দুল্লাহপুর থেকে উঠেছিলেন রিয়াজুল। একটি পোশাক কারখানায় চাকরির সুবাদে গাজীপুরে বসবাস করলেও রিয়াজুলদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার মুক্তারাম গ্রামে। 

এদিকে হাসপাতালে রেকর্ড অনুযায়ী বাকি আহতদের বাড়ি ঢাকার সাভার, মুন্সীগঞ্জের বিক্রমপুর, ভোলা, বরগুনার পাথরঘাটা, পটুয়াখালীর দশমিনা ও ইটবাড়ীয়া এলাকায়। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাসটি দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে, চালক ও হেলপার পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।  


একাত্তর/আরবিএস 

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর