নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১শ' বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার বিকেলে র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মাছিমপুর এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে ফাহিম (২৪) ও মাসাবো এলাকার লোকমান হাকিমের ছেলে এমদাদুল হক (২৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর কান্দিরপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় জনৈক হাজী ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগীর ফার্মের ভেতর তল্লাশি চালিয়ে ১১শ' বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি ফাহিম ও এমদাদুল হককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ভয়ঙ্কর রূপে ডেঙ্গু, একদিনে দুই রেকর্ড
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছেন যে, নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে এসে তারা রূপগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছিলেন।
পরে র্যাব গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানায় সোপর্দ করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একাত্তর/আরবিএস
