ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।
তিনি বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় দিতে রাজি না হলেও পার্শ্ববর্তী দেশ ভারত আশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় নয়, তার জন্য অফিসের ব্যবস্থাও করেছে, যাতে ওখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে।
'এক্ষেত্রে মাঠে তৎপর রয়েছে র-এর এজেন্টরা। আওয়ামী লীগের পেতাত্মারাসহ দেশের একটি মোনাফেক চক্র সক্রিয় রয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে,' যোগ করেন আলতাফ।
শুক্রবার পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বিগত সরকারের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করছে। তাদের কাজ শেষ হলে একটি সুন্দর ও অবাধ নির্বাচন করে গণতান্ত্রিক সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে। জনগণ তাদের পছন্দের দলকে ক্ষমতায় আনবে ভোটাধিকারের মাধ্যমে।
গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আলতাফ হোসেন চৌধুরী এই প্রথম পটুয়াখালীতে সমাবেশ করলেন। তার কর্মীরা শোভাযাত্রা সহকারে শহীদ মিনারে যান।
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপ