নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমানের ওপর হামলা চালিয়ে তার সরকারি পিস্তল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
সোমবার (৯ মার্চ) সকাল ছয়টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা এসময় তার মোটরসাইকেলটি এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় এএসআই লুৎফর রহমান ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনকালে টয়লেট ব্যবহারের প্রয়োজনে তিনি সাময়িকভাবে তার টিমের অন্য সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এসময় তিনি নিজের মোটরসাইকেল নিয়ে একা ছিলেন। নিতাইগঞ্জ এলাকায় পৌঁছালে তিনজনের একটি ছিনতাইকারী দল তার পথরোধ করে। তারা তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং তাঁ কাছে থাকা সরকারি পিস্তলটি লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লুৎফর রহমানের মোটরসাইকেলটিতেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান জোরদার করা হয়েছে।
