সুন্দরবনে কুমিরের আক্রমণের মুখে পড়েন চার মৌয়াল। তাদের মধ্যে তিন জন সাঁতরে নিরাপদে পৌঁছাতে পারলেও একজন মারা গেছেন।
শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের করমজল এলাকার গজালমারী খালে এ ঘটনা ঘটে। এরপর একই এলাকার কেওড়ার মাঠের ভারানি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম মোশাররফ গাজী (৫৫)। তিনি খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন পূর্ব ঢাংমারী গ্রামের বাসিন্দা ছিলেন।
কুমিরের আক্রমণ থেকে যারা বেঁচে ফিরেছেন তারা হলেন- সেকান্দর মল্লিক (২৫), জাকারিয়া শেখ (৪৫) ও গৌরপদ মণ্ডল (৪৪)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী একজন জানান, কুমির মোশাররফের হাতে কামড় দিয়ে পানির নিচে নিয়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই চার জন বনে ঢুকে ফিরে আসার সময় কুমিরের মুখে পড়েন।
ঘটনার সময় বাকি তিন মৌয়াল নদী সাঁতরে পালিয়ে যায়। পরে দুই ঘণ্টা পর বিকেল তিনটার দিকে করমজলের কেওড়ার মাঠে ভারানি খাল থেকে স্থানীয়রা মোশাররফের মৃরদেহ উদ্ধার করে বলেও জানান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত দাকোপ থানা পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেছে।
নেত্রকোনায় জঙ্গি আস্তানার খোঁজ, ঘিরে রেখেছে পুলিশ