কুষ্টিয়ায় সদর উপজেলা ও মিরপুরে অবৈধভাবে পরিচালিত আটটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ইটভাটাগুলোকে মোট ২৯ লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়। একই সঙ্গে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় ইটভাটাগুলোর আংশিক ভেঙে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুই উপজেলায় দিন ব্যাপী অভিযান চালান খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
এসময় কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসার, পরিদর্শক (প্রসিকিউটর) নাসরিন সুলতানাসহ অন্য কর্মচারীবৃন্দসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই এসব ভাটা পরিচালিত হচ্ছিলো বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় মিরপুর উপজেলা মশান পিপিআর ব্রিকস, চুনিয়াপাড়া এসকে আর ব্রিকস, মির্জানগর ভিভি ব্রিকসকে চার লাখ টাকা করে এবং কুষ্টিয়া সদর উপজেলার পৌরসভা এলাকার বারখাদায় চারটি ইটভাটায় ১২ লাখ টাকা এবং এবি ব্রিকসকে পাঁচ টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া পৌরসভার বারখাদা এলাকার চারটি ইটভাটা মালিক পরবর্তীতে বছর থেকে আর ইটভাটা চালাবেন না বলে মুচলেকা দেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, কুষ্টিয়া জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
