ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ার মাঠ (বাবলাতলা) এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশালের হিজলা উপজেলার সালাউদ্দিন হাওলাদার এবং পটুয়াখালীর তুষখালী এলাকার আরিফুর রহমান।
স্থানীয়রা জানান, সালাউদ্দিন ও আরিফুর রহমান মোটরসাইকেলে করে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথে আড়ুয়ার মাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘দশমিনা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে মোটরসাইকেলটি আটকে গিয়ে দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালমান রয়েছে
