ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগ এবং ইউনেস্কো ঢাকা অফিস যৌথভাবে এই বছরের গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ উদযাপন করেছে।
শনিবার ‘মিডিয়া এন্ড লিটারেসি ইন ডিজিটাল স্পেস: এ গ্লোবাল কালেকটিভ এজেন্ডা’ শীর্ষক সেমিনারের মধ্যদিয়ে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (এমআইএল) সপ্তাহের সমাপনী ঘোষণা করা হয়। গত ২৬ অক্টোবর শুরু হয় এই লিটারেসি সপ্তাহ।
সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে ছিলো বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এবং অনলাইন প্ল্যাটফর্মে ‘গণমাধ্যম এবং তথ্য সাক্ষরতা বাড়ানোর জন্য প্রচারণা, কর্মশালা ও সেমিনার। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগ ২০১৭ সাল থেকে এই বৈশ্বিক কর্মসূচিটি নিরবচ্ছিন্নভাবে উদযাপন করে আসছে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ জিয়াউল হক মামুন এ সেমিনারের সভাপতিত্ব করেন। সেমিনারটি সঞ্চালনা করেন ইনফরমেশন স্টাডিজ বিভাগের সিনিয়র লেকচারার আবদুর রহমান সুমন।
সেমিনারে ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার রবার্ট স্টোলম্যান বলেন, তথ্য-পরীক্ষাসহ দায়িত্বশীল এবং নৈতিক কন্টেন্ট তৈরি নিশ্চিত করতে সাংবাদিক, কন্টেন্ট নির্মাতা এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জন্য প্রশিক্ষণ এবং সক্ষমতা-নির্মাণ কর্মসূচি গ্রহন করা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, ভুল তথ্যের বিস্তার রোধে এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণের প্রচারে ‘মিডিয়া এন্ড ইনফরমেশন লিটারেসি’ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইউনেস্কো ঢাকা অফিসের চিফ অব এডুকেশন হুহুয়া ফ্যান বলেন, আমরা একটি প্যারাডক্সের মুখোমুখি। ডিজিটাল যুগে গণতন্ত্র চর্চা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য যেমন বিকাশ লাভ করেছে; তেমনই ভুল তথ্য এবং ঘৃণামূলক বক্তব্য, বিশেষ করে সংঘাতময় বিষয়ে আরও দ্রুত বিস্তৃতি লাভ করে। ২১ শতকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যম ও তথ্য স্বাক্ষরতার কোনো বিকল্প নেই।
এসময় বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিকাল ডকুমেন্টেশন সেন্টারের (ব্যান্সডক) ডিরেক্টর জেনারেল মীর জহুরুল ইসলাম দেশকে প্রযুক্তিগতভাবে উন্নত এবং টেকসই সমাজ গঠনের জন্য ‘গণমাধ্যম এবং তথ্য সাক্ষরতা’ এবং বাংলাদেশ সরকারের "স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১"-এর মধ্যে অভিন্নতার বিষয়ে আলোকপাত করে এ নিয়ে সকলকে কাজ করার আহবান জানান।
সেমিনারে ইউনেস্কো ঢাকা অফিসের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন অফিসার নূরে জান্নাত প্রমা বলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মতো আরও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নিয়ে ইউনেস্কো ঢাকা শহরকে ‘এমআইএল সিটি’তে রুপান্তর করার প্রচেষ্টা করবে। যা ‘গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা’ বিষয়ে কাজ করার ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে।
গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ ২০২৩-এর আহ্বায়ক ড. দিলারা বেগম তার বক্তৃতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনেস্কো ঢাকা অফিসকে এই অনুষ্ঠানের আয়োজনে তাদের ব্যাপক সহায়তার জন্য ধন্যবাদ জানান।
ড. মুহাম্মদ জিয়াউল হক মামুন সপ্তাহব্যাপী এই উদযাপনে ছাত্র-শিক্ষকসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে সেমিনারে সমাপনী বক্তব্য দেন।
