গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৬ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৪১ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯টি শিশু।
রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮২ হাজার ৮৪৪ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১১ হাজার ৭১০টি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৯ হাজার ১৫২টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চার শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯৩ ও এর উপসর্গ নিয়ে ৬১৯টি শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৭১২।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪৩২জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (১৯২ জন) ও বরিশাল (১০৬ জন)।
গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণে‘র তালিকায় দেখা গেছে- ঢাকায় ৪৩২, রাজশাহীতে ৩৩, বরিশালে ১০৬, চট্টগ্রামে ১৯২, ময়মনসিংহে ৬০, সিলেটে ৫৭, খুলনায় ৪৬ ও রংপুরে ১২টি শিশু হামে আক্রান্ত হয়েছে।
গত চার ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।
