গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৯৬ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৭৯ শিশু।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা এক লাখ ৭৫ হাজার ৩৩৬ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তের (শিশু ও প্রাপ্ত বয়স্ক) সংখ্যা ২১ হাজার ৮০৮।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৬৮ হাজার ১৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গেই তিনটি শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১০২ ও এর উপসর্গ নিয়ে শিশুসহ ১০২৬ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ১১২৮।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪৯১ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (২৭৮ জন) ও সিলেট (১৫৮ জন)।
ঢাকা-চট্টগ্রাম-সিলেট ছাড়াও গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- রাজশাহীতে ২৭, ময়মনসিংহে ৭৪, বরিশালে ১২৪, খুলনায় ১০ ও রংপুরে ৪৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে।
গত ৪ ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২৩ সেপ্টেম্বর একদিনে ১১ মৃত্যুর খবর আসে।
