গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন রোগী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুসংক্রান্ত হালনাগাদ ড্যাশবোর্ড থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন ৯ জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭ জনে। এর মধ্যে চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনেই ৭১ জনের মৃত্যু হয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, গত সেপ্টেম্বরে দেশে বছরের সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
বুলেটিনে আরও জানানো হয়, সোমবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে মোট এক হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরজুড়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ তিন হাজার ৩৯৬ জনে।
অন্যদিকে, চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৯৬৫ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৭ হাজার ২৯৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অঞ্চলভিত্তিক ডেঙ্গুর সংক্রমণ বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ)—যার সংখ্যা ৮৪৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ১৯৬ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন এবং রংপুর বিভাগে ৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
