দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
এবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী। পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড এইচএসসিতে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরিতে ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন অংশ নেবেন।
সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত এ পরীক্ষা শেষ হবে ৩০ ডিসেম্বর। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শেষে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
বুধবার (১ ডিসেম্বর) পরীক্ষা চলাকালীন কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য নিয়মাবলী সম্বলিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুন: বোমার সন্দেহে জরুরি অবতরণ, শাহজালালে সতর্কতা
ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়।
এছাড়া বিদেশের ৮টি কেন্দ্রে মোট ৪০৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে সৌদি আরবের জেদ্দায় ১১৪, রিয়াদে ৭৪, লিবিয়ায় ২, কাতারে ৭৯, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ৩৪, দুবাইতে ২৬, বাহরাইনে ৫৮ এবং ওমানে ১৯ জন পরীক্ষায় অংশ নেবেন।
প্রসঙ্গত, ২০২০ সালে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৮৭৫ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ১২০টি, কেন্দ্র বেড়েছে ২০টি। করোনা মহামারির কারণে এপ্রিল মাসের এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে।
একাত্তর/টিএ
