করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে রোববার করোনার বুস্টার ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই বুস্টার ডোজ পেতে নতুন করে নিবন্ধন লাগবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা নিয়ে কাজ করা সম্মুখসারির ব্যক্তিরা প্রথমে এই বুস্টার ডোজ পাবেন। এর মধ্যে রয়েছেন- চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও ষাটোর্ধ ব্যক্তি। পরে পর্যায়ক্রমে অন্যদের এই বুস্টার ডোজের আওতায় আনা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানায়, যারা করোনার টিকার দুই ডোজ নিয়েছে এবং যাদের ডোজগুলো ইতিমধ্যে দুই থেকে ছয় মাস আগে নেওয়া হয়েছে তারা ধাপে ধাপে বুস্টার ডোজ পাবে। এ জন্য তাদের আর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার প্রয়োজন হবে না।
একটি সূত্র জানায়, যারা দুই ডোজ টিকা নিয়েছে, সুরক্ষা অ্যাপে সেই তথ্য রয়েছে। টিকা গ্রহীতাদের জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর রয়েছে সরকারের কাছে। এ ক্ষেত্রে যারা বুস্টার ডোজ পাবে, তাদের কোথায় কবে আসতে হবে, সেটি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ফাইজারের টিকায় দেশে বুস্টার ডোজ শুরু
এদিকে কোভিড টিকা বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক জানিয়েছেন, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্মসহ কয়েক ধরনের টিকা নিয়েছেন তারা ফাইজারের বুস্টার ডোজ নিতে পারবেন। যারা অন্য নিয়েছে, ফাইজারের বুস্টার তাদের জন্য আরও ভালো কাজে দেবে।

রোবাবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীতে বুস্টার ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। প্রথম বুস্টার ডোজ নিয়েছেন দেশে প্রথম করোনা টিকা নেওয়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। এরপর একে একে বুস্টার ডোজ নেন স্বাস্থ্যের ডিজি, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।
একাত্তর/এসি
