মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু
হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে মন্তব্য
করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২৬ মার্চ) সকালে রাজার বাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের, প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, শাহজাহানপুর জোড়া খুনের ঘটনা রাজনৈতিক কিলিং কিনা, এ বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। হত্যাকারীকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, টিপু হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এর পেছনে কারা, নাটের গুরু কারা, কারা ঘটিয়েছে, সব কিছুই খোলসা করে আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দেশবাসীকে জানানো হবে।
তিনি আরও বলেন, আশা করি, খুব শিগগির এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারব। যারাই এ ঘটনায় জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।
এর আগে শুক্রবারও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছেন তা খুঁজে বের করা হবে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
প্রায় এক দশক আগে টিপু যখন মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, তখন যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন।
গত বৃহস্পতিবার রাতে শাহজাহানপুরে সড়কে গুলি চালিয়ে হত্যা করা হয় টিপুকে। হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান বদরুন্নেছা সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী প্রীতি।
একাত্তর/এসএ
