ফরিদপুর-২ সংসদীয় আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শাহদাব আকবর লাবু নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৮১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জয়নাল আবেদিন বকুল বটগাছ প্রতীকে পেয়েছে ১৪ হাজার ৮৭৮ ভোট।
শনিবার (৫ নভেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।
উপ নির্বাচনে রির্টানিং কর্মকর্তা মো. হুমায়ন কবির বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।
তিনি জানান, উপ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ কম হলেও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিন লাখ ১৮ হাজার ৫৮৫ জন ভোটারের মধ্যে ৮৩ হাজার ৬৯০টি ভোট পড়েছে। শতকরা হিসেবে ভোটের হার ২৬ দশমিক ২৭ ভাগ।
বিজয়ী লাবু চৌধুরী সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে। গত ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসন। ১২৩টি ভোট কেন্দ্রের ৮০৬টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এক হাজার ৫২টি সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকায় বসে এ উপনির্বাচন পর্যবেক্ষণ করেন নির্বাচন কমিশন (ইসি)।
উপ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের ১০টি টিম, ছয় প্লাটুন বিজিবি, তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহস্রাধিক পুলিশ ছাড়াও বেশকিছু স্ট্রাইকিং ফোর্স, আনসার এবং মোবাইল ভিজিলেন্স টিম মাঠে ছিল।
আরও পড়ুন: ‘সবাই রিজার্ভ ব্যবহার করে চলছে, আমাদেরও করতে হচ্ছে’
একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত দুটি দলের মাত্র দুজন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর এ উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
একাত্তর/এসি
