মেট্রোরেল ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে সরকার।
এমআরটি মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিটটিতে তিনটি ক্যাডার পদ এবং ২২৮টি নন-ক্যাডার পদসহ মোট ২৩১টি পদ থাকবে। এ ইউনিটের জন্য ১৫টি গাড়ি বরাদ্দ থাকবে। খবর: বাসস।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন। দেশে মেট্রোরেল লাইন উদ্বোধনের প্রায় পাঁচ মাস পর এমআরটি পুলিশ গঠন হতে যাচ্ছে।
পুলিশের এমআরটি ইউনিটে ২৩১ জন সদস্যের নেতৃত্বে থাকবেন একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি)। ইউনিটটি মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
কেন্দ্রীয় প্রশাসনিক পদগুলো হলো একজন ডিআইজি, একজন পুলিশ সুপার, একজন পরিদর্শক (নিরস্ত্র), একজন পরিদর্শক (সশস্ত্র), দুইজন উপ-পরিদর্শক (নিরস্ত্র), দুইজন উপ-পরিদর্শক (সশস্ত্র), তিনজন সহকারী উপ-পরিদর্শক (নিরস্ত্র), চারজন সহকারী উপ-পরিদর্শক (সশস্ত্র), পাঁচজন নায়েক, ১০ জন কনস্টেবল, একজন কম্পিউটার অপারেটর, একজন হিসাবরক্ষক, একজন উচ্চমান সহকারী এবং দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
আরও পড়ুন: ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্দশা কম
এমআরটি লাইন-৬ এ থাকবে একজন অতিরিক্ত পুলিশ সুপার, ছয়জন পরিদর্শক (নিরস্ত্র), দুইজন উপ-পরিদর্শক (নিরস্ত্র), ৩৪ জন সহকারী উপ-পরিদর্শক (নিরস্ত্র) এবং ১৫৩ জন কনস্টেবল।
এছাড়াও এমআরটি পুলিশের বরাদ্দকৃত গাড়িগুলোর মধ্যে একটি জিপ, চারটি পিকআপ এবং ১০টি মোটরসাইকেল থাকবে।
একাত্তর/এসজে
