রাজধানী ঢাকাসহ টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর অন্ধ প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বাঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশি শ্রমিকদের বৈধ অভিবাসনে গুরুত্বারোপ ইতালির প্রধানমন্ত্রীর
দেশে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিন্ন তাপমাত্রা বান্দরবানে, ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৭৯ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৫টা ২৫ মিনিটে।
একাত্তর/আরবিএস
