বিবৃতি দেয়া ১৩ মিশন প্রধানকে সতর্ক করল পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৯:১৮ পিএম

আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া ১৩ বিদেশি মিশন প্রধানকে তলব করে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে তাদের ‘কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত’ আচরণের জন্য অসন্তোষ প্রকাশ করা হয়েছে। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘আমরা তাদের কূটনৈতিক আচরণবিধি সম্পর্কিত ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দিয়ে গঠনমূলক হওয়ার পরামর্শ দিয়েছি। পাশাপাশি এও সতর্ক করা হয়েছে যে, সরকারকে পাশ কাটিয়ে বস্তুনিষ্ঠটা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা বর্জিত আচরণ কেবলই পারস্পরিক আস্থার সংকট তৈরি করবে।’ 

ঢাকা -১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে ১৯ জুলাই বিবৃতি দেন ঢাকায় বিদেশি ১৩টি মিশন প্রধান। এদের মধ্যে রয়েছেন- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। 

বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ওই ১৩ রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের ব্রিফ করার জন্য ডাকা হয়। পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

একই ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে টুইট করেছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এর জেরে ২০ জুলাই জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সতর্ক করা হয়।

এদিন সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ জুলাই, ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব আশরাফুল আলমকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে ঢাকার যে সকল দূতাবাস গণমাধ্যমে একটি যৌথ বিবৃতি দিয়েছিল; আজ দুপুরে সেই রাষ্ট্রদূতদের আমরা ডেকেছিলাম। তাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণে আমরা অসন্তোষ প্রকাশ করেছি। 

তিনি বলেন, ‘আমরা বলেছি যে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যা দিয়ে সারাদিনের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে মূল্যায়ন করা ঠিক হবে না। আপনারাও জানেন যে, ঐ নির্বাচনে সহিংসতা হয়নি। জনাব আলম সারাদিন আপনাদেরই সতীর্থদের সাথে বিভিন্ন কেন্দ্র অবাধে বিচরণ করে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। ভোট শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনিও কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হননি, বা কোনো অভিযোগ করেননি।

‘অন্যান্য প্রার্থীরাও কোনো ধরনের সহিংসতা বা অন্য কোনো অনিয়মের অভিযোগ করেননি। তাই শুধু একটি কেন্দ্রের শেষ মুহূর্তের একটি বিচ্ছিন্ন ঘটনাটিকে গুটি কয়েক কূটনীতিকবৃন্দ যেভাবে উপস্থাপন করেছেন তা কখনোই সারাদিনের শান্তিপূর্ণ নির্বাচনকে প্রতিফলিত করে না। দ্রুত একটি প্রতিক্রিয়া দিতে গিয়ে তারা তাদের মূল্যায়নটির বস্তুনিষ্ঠতার প্রতি যথাযথ গুরুত্ব দেন নি।’

image


শাহরিয়ার আলম বলেন, ঘটনা সম্পর্কে জানার সাথে সাথেই নির্বাচন কমিশন এবং সরকার ত্বরিত ও আইনানুগ ব্যবস্থা নিয়েছে। ১৯শে জুলাই তারিখে কূটনীতিকবৃন্দের বিবৃতি দেয়ার অনেক আগেই কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়েছিলো। ১৮ জুলাই তারিখে আপনারাও তা মিডিয়াতে প্রকাশ করেছিলেন।

‘অথচ, আইনানুগ ব্যবস্থা নেবার পরেও এই কূটনীতিকরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন যা অযাচিত ও অপ্রয়োজনীয়। সত্যি কথা বলতে কী, যে দ্রুততা ও গুরুত্বের সাথে বিচ্ছিন্ন ঘটনাটির সমালোচনা তারা করেছেন, সেই গুরুত্ব ও দ্রুততার সাথে কিন্তু তারা সরকারের গৃহীত তাৎক্ষণিক ও ত্বরিত আইনানুগ ব্যবস্থাকে তারা মূল্যায়ন করেননি। 

তাই যৌথ বিবৃতিটির বস্তুনিষ্ঠতা ও উদ্দেশ্য নিয়ে ভাবনার অবকাশ থেকেই যায় বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আবার দেখুন, যাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটল, সেই আলম কিন্তু ঠিকই পুলিশের সাথে সহযোগিতা করেছেন এবং সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণকে সাধুবাদ জানিয়ে পূর্ণ সন্তোষ প্রকাশ করেছেন। 

শাহরিয়ার আলম আরও বলেন, ওনাদের যৌথ বিবৃতিটি যে ঘটনা প্রবাহের সাথে অসংগতি-পূর্ণভাবে যথা সময়ের অনেক আগেই তড়িঘড়ি করে অপরিণতভাবে উপস্থাপন করা হয়েছে, আশা করি আমাদের আজকের আলোচনার পর তারা সেটি নিশ্চয়ই উপলব্ধি করবেন এবং ভবিষ্যতে এমন অকূটনৈতিক আচরণ থেকে বিরত থাকবেন।’ 

গত ১৭ জুলাই ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন হিরো আলম। ভোট শেষ হওয়ার কয়েক মিনিট আগে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে হামলার শিকার হন তিনি।

আরও পড়ুন: বিএনপির সমাবেশ গোলাপবাগে, অন্য কোথাও নয়: ডিএমপি

হিরো আলমের উপর হামলা নিয়ে দেশে-বিদেশে উদ্বেগের মধ্যে পুলিশ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

ডিশ ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু করা হিরো আলম ফেসবুক ও ইউটিউবে গান ও অভিনয়ের বিভিন্ন কনটেন্ট করেন। 

২০১৮ সাল থেকে তিনটি উপনির্বাচনসহ চার আসন থেকে সংসদীয় ভোটে লড়েছেন। তবে একবারও জিততে পারেননি তিনি।


একাত্তর/আরবি 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ফটোকার্ডকে ‘সম্পূর্ণ অসত্য ও গুজব’ বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ১৮৬ জন বাংলাদেশি নাগরিক দেশে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো একটি চিঠি প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর