চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পাঠানো এক পূর্বাভাসে এ কথা বলা হয়।
পূর্বাভাসে বলা হয়েছে,সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পাঠানো পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই-কংশ, সোমেশ্বরী ও যাদুকাটা নদীর পানি সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।
আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা ও এর কাছাকাছি উজানে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ফলে এই সময় মুহুরী, ফেনী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু এবং মাতামুহুরী নদীসহ এই অঞ্চলের প্রধান নদ-নদীর পানি বাড়তে পারে।
একাত্তর/কেএসএইচ
