আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক মুখ্য বিচারিক হাকিম মো. সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। তবে তিন ঘণ্টা পর সাজার বিরুদ্ধে আপিল করার শর্তে হাইকোর্ট তাকে এক মাসের জামিনও দিয়েছেন।
বৃহস্পতিবার বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তাকে সাত দিনের মধ্যে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোহেল রানাকে দণ্ড দেয়ার কারণ হচ্ছে, হাইকোর্টের আদেশ অমান্য করে একটি মামলার কাজ চালিয়ে যাওয়া।
বর্তমানে আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত সোহেল রানা। তিনি কুমিল্লায় মুখ্য বিচারিক হাকিম থাকার সময় একটি ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছিল হাই কোর্ট।
ওই আদেশের কপি সোহেল রাখার কাছে পৌঁছলেও তিনি হাই কোর্টের ওই আদেশ অমান্য করে বিচারকাজ চালিয়ে যান।
আদেশ অমান্যের বিষয়ে হাইকোর্টে ব্যাখ্যা দাখিল করেছিলেন সোহেল রানা। ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে তার প্রতি আদালত অবমাননার রুল দিয়েছিল হাই কোর্ট।
বিচারক সোহেল রানা দায় স্বীকার করে আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন। কিন্তু আদালত তার ক্ষমা প্রার্থনা গ্রহণ না করে কারাদণ্ড দেন।
