নানা রেকর্ড গড়া একাদশ সংসদের অধিবেশন শেষ হলো

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম

শেষ হলো চলতি একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। আগামী ২৯ জানুয়ারি এই সংসদের মেয়াদ শেষ হবে। ঘটনাবহুল এই সংসদের মেয়াদে বৈশ্বিক মহামারী করোনাকাল পারসহ একই সংসদে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড ৩১ জন সদস্য মারা গেছেন।

এছাড়াও সংখ্যার দিক থেকে সর্বোচ্চ সংখ্যক ও সবচেয়ে সংক্ষিপ্ত অধিবেশন, একক অধিবেশনে সর্বোচ্চ সংখ্যক বিল পাস, কম সময়ের মধ্যে সংসদীয় কমিটি গঠনসহ নানা ঘটনার সাক্ষী হয়েছে একাদশ জাতীয় সংসদ।

যদিও মৃত্যুজনিত কারণে এখনেও তিনটি আসন শূন্য রয়েছে। এসব আসনে তফসিল ঘোষণা হয়েছে। এই আসনগুলোর নির্বাচিতরা সংসদ সদস্য হতে পারলেও কোনো অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পাবেন না। এই তিনটি আসন হলো পটুয়াখালী-২, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষীপুর-১। এ ছাড়াও দেশের ইতিহাসে প্রথমবারের মত বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে এবারের সংসদে।

বৃহস্পতিবার সকাল ১১টায় অধিবেশন শুরু হয়ে একাধিকবার বিরতি দিয়ে রাত ৯টার পর অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন। শেষ দিনে অধিবেশনের কার্যক্রমে অংশ নিয়ে সদস্যদের বক্তব্যে ছিল বিদায়ী সুর। বিশেষ করে বিরোধী দল জাতীয় পার্টির একাধিক সদস্য বিলের ওপর আলোচনার সুযোগ নিয়ে বিদায়ী বক্তব্য দেন। তারা এসময় সংসদ নেতা, স্পিকার ও সরকারের ভূয়সী প্রশংসা করেন। গতকাল শেষ দিনেও সাতটি বিল পাস হয়েছে। 

২০১৯ সালের ৩০ জানুয়ারি যাত্রা শুরু করে একাদশ জাতীয় সংসদ। এ হিসেবে চলতি সংসদের  মেয়াদ শেষ হবে আগামী ২৯ জানুয়ারি। সংসদের মেয়াদ আরও তিনমাসের মত থাকলেও অধিবেশন আর বসছে না। সংবিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যে সংসদের অধিবেশন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। তবে, সংসদ নির্বাচনের স্বার্থে মেয়াদের শেষ ৯০দিনের মধ্যে এই বিধানটি সংবিধানে শিথিল করা হয়েছে। ১ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯০ দিনের ক্ষণগণনা শুরু হয়েছে।

চলতি একাদশ সংসদ সবচেয়ে সংক্ষিপ্ত অধিবেশনের রেকর্ড করেছে। বৈশ্বিক মহামারী করোনা সঙ্কটের সময় একদিনে মাত্র দেড় ঘণ্টার বৈঠকের মাধ্যমে সংসদের একটি অধিবেশন শেষ হয়। ২০২০ সালের ১৮ এপ্রিল চলতি সংসদের সপ্তম অধিবেশন শুরুর পর তা দেড় ঘণ্টা স্থায়ী হয়। করোনাভাইরাস মহামারির কারণে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত করা হয়।

বিএনপির আসা-যাওয়া

দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি ২০১৮ সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে ভোটে অংশ নিয়েছিলো। সেই নির্বাচনে বিএনপির ছয়জন বিজয়ী হন, পরে সংরক্ষিত নারী আসনের একটি পায় দলটি।

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে শুরুতে বিএনপি জানিয়েছিলো, তারা সংসদে যাবে না। পরে সিদ্ধান্ত বদলে শপথ নেন দলটির সংসদ সদস্যরা।

চার বছর পর ২০২২ সালের ডিসেম্বরে সরকারবিরোধী আন্দোলনের মধ্যে সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটি।

বিএনপির শপথ নেওয়া নিয়েও নাটকীয়তা হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির মোট পাঁচজন নির্বাচিত হন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিন কেন্দ্র ভোট স্থগিত থাকায় পুনঃভোটে ২০১৯ সালের ৯ জানুয়ারি নির্বাচিত হন আরেকজন।

বিএনপি মহাসচিব ফখরুল ভোটে জয়ী হলেও পুনর্নির্বাচনের দাবি তুলে সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার ঘোষণা দেন। শপথ না নেওয়ায় ৯০ দিনের মধ্যে তাদের আসন শূন্য হয়।

তবে ৯০ দিন অতিক্রমের আগে ২৫ এপ্রিল জাহিদুর রহমান শপথ নেন। এরপর ২৯ এপ্রিল শপথ নেন মোশারফ হোসেন, আমিনুল ইসলাম, হারুনুর রশীদ ও উকিল আবদুস সাত্তার।

সংরক্ষিত আসনে বরাদ্দ পাওয়া একটিতে নির্বাচিত হয়ে রুমিন ফারহানা শপথ নেন ৯ জুনে।

ফখরুলের শূন্য আসনের উপ-নির্বাচনে জয়ী হয়ে ওই বছরের ১১ জুলাই শপথ নেন জি এম সিরাজ।

ঐক্যজোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মনসুরকে নিয়েও ছিলো ব্যাপক আলোচনা। বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে জেতা এই সংসদ সদস্যকে তার দল গণফোরাম হুমকিও দেয়। তবে শেষ পর্যন্ত তিনি এবং মোকাব্বির খান শপথ নেন।

কোভিডকালে বিশেষ ব্যবস্থা

এবারের ২৫টি সংসদ অধিবেশনের মধ্যে প্রায় অর্ধেক অনুষ্ঠিত হয়েছে করোনা মহামারীকালে। এর মধ্যে কয়েকটি অধিবেশন হয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়ে। এ সময়ে খুবই সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চলে। করোনা সংক্রমণ ঠেকাতে বেশ কয়েকটি সংসদ অধিবেশনে গণমাধ্যম প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। সুযোগ ছিলো না দর্শক হিসেবে কাউকে সংসদে প্রবেশ করার। সংসদের কর্মকর্তা-কর্মচারীদেরে মধ্যে আংশিক জনবল নিয়ে বৈঠক করা হয়েছে। সংসদ সদস্যদেরও ঢুকতে দেওয়া হয়েছে তালিকা করে। সবগুলো অধিবেশনে প্রবেশের আগে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

বিল পাস

চলতি একাদশ সংসদে মোট ১৬৫টি বিল পাস করা হয়েছে। বৃহস্পতিবার শেষ হওয়া ৯ দিনের অধিবেশনে ২৫টি বিল পাস হয়েছে। শেষ দিনেই পাস হয়েছে সাতটি বিল। এজন্য এ দিন সকাল-বিকাল দুই দফায় সংসদের বৈঠক হয়েছে। এর আগে দশম সংসদের একটি অধিবেশনে সর্বোচ্চ ১৯টি বিল পাস হয়েছিলো। এর আগে সেটাই ছিলো রেকর্ড। দেশের ইতিহাসেব সব চেয়ে বেশি বিল পাস হয়েছে নবম সংসদে। ওই সংসদে মোট পাস হয়েছিলো ২৭১টি বিল। এছাড়া দশম সংসদে ১৯৩টি বিল, সপ্তম সংসদে ১৯১টি বিল, পঞ্চম সংসদে ১৭৩টি বিল পাস হয়। অপরদিকে একটি মাত্র বিল পাস হয় ৬ষ্ঠ সংসদে। ওই সংসদেই পাস হয় তত্ত্বাধয়াক সরকার বিল।

সংসদে উপস্থিতি

চলতি সংসদে সব থেকে বেশি দিন সংসদে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ২৭২ কার্যদিবসের সংসদের মধ্যে শেখ হাসিনা উপস্থিত ছিলেন ২৫৩ দিন। অবশ্য সংসদের সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর উপস্থিতি আরও কিছুটা বেশি। স্পিকার উপস্থিত ছিলেন ২৭১দিন। তিনি মাত্র একদিন সংসদে উপস্থিত ছিলেন না। বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ উপস্থিত ছিলেন ৫২দিন। অবশ্য অসুস্থতার কারণে তিনি দীর্ঘ সময় থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন।

এছাড়া অন্যদের মধ্যে সৈয়দা রুবিনা আক্তারের ২৪৮দিন। অবশ্য রুবিনা জানিয়েছেন তার সংসদে একটি দিনও অনুপস্থিতি নেই। সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের নির্বাচন সংসদ অধিবেশন শুরুর কয়েকদিন পরে হওয়ার কারণে তার সেইদিনগুলোই কেবল অনুপস্থিতি রয়েছে।

সংসদে সব থেকে কম উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। ২৪তম অধিবেশন পর্যন্ত ২৬৩ দিনের মধ্যে তার উপস্থিতি ছিলো ১৪দিন। চলতি অধিবেশনে তার উপস্থিতির তথ্য জানা যায়নি। অপরদিকে সরকারি দলের সদস্যদের মধ্যে সব থেকে কম উপস্থিত ছিলেন তাহজীব আলম সিদ্দিকী। গত অধিবেশন পর্যন্ত তার উপস্থিতি ছিলো ১৯দিন।

পৌনে পাঁচ বছর ধরে পরিচালিত চলতি সংসদের মোট কার্যদিবস ছিলো ২৭২ দিন। সংসদ সচিবালয় সুত্রে জানা গেছে, অধিবেশনের সংখ্যা বেশি হয়েছে এবার কার্যদিবস কম হয়েছে কোভিডের কারনে। কোভিডের কারণে অনেকগুলো অধিবেশনই ছিলো সংক্ষিপ্ত। যার কারণে কার্যদিবসের সংখ্যা কম হয়েছে।

একাদশ সংসদে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট প্রশ্ন পাওয়া যায় এক হাজার ৩৩৬টি। এরমধ্যে প্রধানমন্ত্রী জবাব দিয়েছেন ৫৬৬টি প্রশ্নের। অন্যান্য মন্ত্রীদের জন্য প্রশ্ন পাওয়া যায় ৩০ হাজার ৬৪১টি। এর মধ্যে মন্ত্রীরা জবাব দিয়েছেন ১৭ হাজার ৭৬২টি প্রশ্নের।

সদস্যদের কন্ঠে বিদায়ের সুর

বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে জাপার সদস্য ফখরুল ইমাম স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আজকে আবহাওয়াটা এমন হয়েছে, যেন আজকেই শেষ..।  আগেই বলেছি আজকে বোধহয় শেষ হবে। আমরা কে কী কোথায় কীভাবে থাকি জানিন না। পরে তিনি ‘তবু মনে রেখো‘ কবিতা আবৃতি করে শোনান। আর আবৃতি কবিতাটির অংশ ছিলো- ‘তবু মনে রেখো যদি দূরে যাই চলে।/যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে।/যদি থাকি কাছাকাছি,/দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি--/ তবু মনে রেখো।/যদি জল আসে আঁখিপাতে,/এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে,/ তবু মনে রেখো।’

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক (চুন্নু) বলেন, আমি একটু অন্যভাবে বলতে চাই। একটু বিষাদের মত। বলতে চাই ‘বিদায় দে মা আবার ঘুরে আসি।’ আবার ঘুরে আসি। স্পিকারকে উদ্দেশ্য করে চুন্নু বলেন, আপনার সাথে আমার একাধিক সম্পর্ক। একটি হচ্ছে এই সংসদে আপনি আমার স্পিকার। আরেক হচ্ছেন আপনি আমার এলাকার বউমা। আমার আগের স্পিকার ছিলেন আমার এলাকার জামাতা। দুইজন স্পিকারের শ্বশুর বাড়ি আমার এলাকায়। এটা অনেক বড় বিষয়।  আপনি আর আমি দুহনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের স্টুডেন্ট। আমি টেনেটুনে পাস করা। আপনি ফাস্ট ক্লাস ফাস্ট। অক্সফোর্ডের পিএইচডি করা। ঢাবির ছাত্র হিসেবে আমরা আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনি সফল স্পিকার আপনার জন্য দোয়াকরি। সংসদ নেতা আমাদের দেখালেন

দলটির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, আমরা জানি না ভবিষ্যতে কারা আসবেন। ইলেকশন হবে। জানি না কারা আসে। আল্লাহ যাকে লিখে রাখছে তারা আসবে। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। সম্মান দেয়ার মালিক আল্লাহ। এজন্য হতাশার কোন কারণ নেই।

পীর ফজলুর রহমান বলেন, আমি প্রধানমন্ত্রীসহ বর্ণাঢ্য ব্যক্তিদের সংস্পর্শে আসার সুযোগ পেয়েছি। শেষ দিনের শেষ কার্যদিবস। কথা বলার অবাধিত সুযোগ করে দিয়েছিলেন। আমরা বার বার কথা বলেছি। মানুষের স্বার্থে কথা বলিছি। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমন করার জন্য কথা বলিনি। কোনমন্ত্রীর থেকে ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য কথা বলিনি। যাইনি।

জাতীয় পার্টির রওশন আরা মান্নান বলেন, দুই বছর করোনার কারণে নষ্ট হয়ে গেছে। অনেক সময় নষ্ট গেছে। আমরা তেমন কাজকর্ম করতে পারিনি। তিন বছর আমরা তেমন কোন কাজ করতে পারি। এ বিষয়টি যেন প্রধানমন্ত্রী স্মরণ রাখার অনুরোধ করেন।

পরে দলটির আরেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘উনি পরোক্ষভাবে সংসদের মেয়াদ দুই বছর বাড়িয়ে দেওয়ার কথা বলতে চাচ্ছে।’

স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি সুন্দরভাবে সুন্দরভাবে সংসদ চালিয়েছেন। বিদেশে সম্মেলনে গেছি। সব কিছু মিলিয়ে আমরা এই সংসদে ছিলাম। আবার কবে! আসতে পারি কী না জানি না। হয়তো দেখা… এত বড় জায়গায় আল্লাহর হুকুম ছাড়া কেউ আসতে পারে না। হয়তো অন্য কোথাও দেখা হবে। আজকে আমাদের শেষ সংসদ। আবার আসতে পারবো কী না জানি না। আমরা কোন ভুলত্রুটি করলে ক্ষমা করবেন। আপনাকে কখনো ভুলতে পারবো না। সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা আমরা একসাথে ছিলাম। আবার একসাথে কবে হবো আল্লাহ জানেন।

রওশন আরা মান্নানের বক্তব্যে প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, আমাদের সংসদ সদস্য রওশন আরা মান্নান বললেন, দুই তিনবছর নষ্ট হয়ে গেছে। উনি পরোক্ষভাবে সংসদের মেয়াদ দুই বছর বাড়িয়ে দেওয়ার কথা বলতে চাচ্ছেন। আমি যেটা বুঝেছি। উনি পরোক্ষভাবে বলেছেন, আমি সোজা মানুষতো তাই সোজাভাবে বললাম। একটু বিবেচনা করে দেখতে পারেন।

শামীম হায়দার বিলের সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনকালে বলেন, আজকে এই সংসদ অধিবেশনের হয়তো বা শেষদিন হতে পারে। এজন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। জুনিয়ার সংসদ সদস্য হিসেবে অনেক কথা বলেছি। অনেকে ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন। এজন্য ক্ষমতাও চাচ্ছি। তবে আমরা জনগনের জন্য কথা বলেছি।

কেএসএইচ
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন স্প্যানিশ আর্মাডাদের উল্লাস, অন্যদিকে তখন মাঠজুড়ে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা ও কুৎসিত হাঙ্গামা! ম্যাচ শেষে কাতার আসরের চ্যাম্পিয়ন...
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর