দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলের কোনো সভা, সমাবেশ বা অন্য কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা যাবে না।
এ ধরনের কর্মসূচির অনুমতি না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে-বা ভোটাররা ভোটপ্রদানে নিরুৎসাহিত হতে পারে, এমন কোনো ধরনের সভা, সমাবেশ বা অন্য কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, নির্বাচন কমিশন সচিব, আইজিপি, সব বিভাগীয় কমিশনার, সব পুলিশ কমিশনার, সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে চিঠির অনুলিপি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার ভোটের প্রচার ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ না করার নির্দেশনা এবং সব ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে নির্দেশনা দেয় ইসি।
কমিশনের নির্দেশ বাস্তবায়ন করতে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ প্রধানকে (আইজিপি) অনুরোধ করা হয়েছে।
এবার এ বিষয়ে প্রজ্ঞাপন দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
‘ভোট সুষ্ঠু করতেই রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দেওয়ার নির্দেশনা’
শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা নেই: ইসি আলমগীর