আচরণবিধি লঙ্ঘন ও স্বতন্ত্র প্রার্থীকে হুমকির অভিযোগে রাজশাহী-৪ আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করেছে পুলিশ।
নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।
এর আগে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন রাজশাহী-৪ নির্বাচনি অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও যুগ্ম মহানগর দায়রা জজ রুবিনা পারভিন।
রাজশাহী-৪ আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ বাগমারার তাহেরপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলীয় মনোনয়ন পেয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য পদে নির্বাচন করছেন। আর এ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ২০০৮ সাল থেকেই এলাকার সংসদ সদস্য। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন।
শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আবদুছ সালাম এক চিঠিতে বাগমারা থানায় মামলা করার জন্য নির্দেশনা দেন।
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ গত ২৬ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী এনামুল হককে উদ্দেশ্য করে প্রাণনাশের হুমকি, অশ্লীল ভাষায় বক্তব্য এবং নৌকার বাইরে কোনো মাস্তানি চলবে না বলে বিভিন্ন প্রকার আক্রমণাত্মক বক্তব্য দেন। এই বক্তব্য দিয়ে আবুল কালাম আজাদ গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ ও ৮৪ক এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ (ক), (গ) ও (ঙ) বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচন অনুসন্ধান কমিটি ইসিতে প্রতিবেদন দাখিল করেছে। এ কারণে ইসি এই প্রার্থীর বিরুদ্ধে থানায় এজাহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
চিঠির এই অনুলিপি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে পাঠানো হয়। এ ছাড়া সংশ্লিষ্ট থানায় এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করে এজাহারের অনুলিপিসহ তা ইসিকে ২৪ ঘণ্টার মধ্যে অবহিত করার অনুরোধ জানিয়ে চিঠির অনুলিপি রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমানের কাছেও পাঠানো হয়েছে।
