রেকর্ড সংখ্যক স্বতন্ত্র সদস্য নিয়ে যাত্রা শুরু করছে দ্বাদশ সংসদ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১১:২০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে মঙ্গলবার। বিকেল তিনটায় সংসদের বৈঠক শুরু হবে।

গত ৭ জানুয়ারির ভোটে নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। গত ১০ জানুয়ারি শপথ নেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। 

১১ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

গত ৭ জানুয়ারির ভোটে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২২৩ আসন। এছাড়া জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে।

এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৬২ জন নির্বাচিত হয়েছেন। এতো স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হওয়ার ঘটনাও দেশে এই প্রথম।

অংশগ্রহণমূলক ভোট উৎসাহিত করতে দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে নমনীয় অবস্থান নেয় আওয়ামী লীগ। নির্বাচন জিতে আসা স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা। তারা নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তবে কয়েকজন ব্যবসায়ীও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

স্বতন্ত্ররা সংসদে কী ভূমিকা পালন করবে তা নিয়ে নানা মহলে আলোচনা ছিলো। তবে রোববার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর সব জল্পনার অবসান ঘটে। সেদিনই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা এবং আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সদস্যদের শপথের দিনই আওয়ামী লীগের সংসদীয় দল শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করে। সরকারের শপথের পর রাষ্ট্রপতি চিফ হুইপসহ অন্য হুইপদের নিয়োগে দিয়েছেন।

নিয়ম অনুযায়ী মঙ্গলবার অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচন করা হবে। একাদশ সংসদের ধারাবাহিকতায় শিরীন শারমিন চৌধুরীই আবারও স্পিকার হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। বাকি শুধু আনুষ্ঠানিকতা।

সে হিসেবে এ নিয়ে টানা চতুর্থবারের মত স্পিকারের আসনে বসতে যাচ্ছেন শিরীন শারমিন চৌধুরী।

২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে আইনসভায় বসেন শিরীন শারমিন চৌধুরী। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ২০১৩ সালে ৩০ এপ্রিল নির্বাচিত হন বাংলাদেশের প্রথম নারী স্পিকার।

মাত্র ৪৬ বছর বয়সে দেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ স্পিকার হিসেবে আবদুল হামিদের স্থলাভিষিক্ত হন শিরীন শারমিন।

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু একাত্তরকে বলেন, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে জাতিকে ‘প্রাণবন্ত ও কার্যকর’ সংসদ উপহার দেওয়া হবে।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, অধিবশেন উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয় থেকে এরই মধ্যে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যা অনুযায়ী অধিবেশন কক্ষে আসন বিন্যাস চূড়ান্ত করা হয়েছে। কে কোথায় বসবেন, তাও ঠিক হয়ে গেছে।

এবারের সংসদে যারা নতুন নির্বাচিত হয়ে এসেছেন তাদের জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচি পালন করা হয়েছে। সংসদীয় বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নতুন এমপিদের ধারণা দিতেই এ কর্মসূচি।

সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে। তারপর স্পিকারের নির্বাচন অনুষ্ঠিত হবে।

যেভাবে হবে স্পিকার নির্বাচন

সংবিধানের ৭৪ অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগের কথা রয়েছে। সেখানে বলা হয়েছে, সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ-সদস্যদের মধ্যে থেকে সংসদ একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করবে।

এছাড়া এ দুই পদের যে কোনোটি শূন্য হলে সাত দিনের মধ্যে কিংবা ওই সময়ে সংসদ বৈঠকরত না থাকলে পরবর্তী প্রথম বৈঠকে নির্বাচিত করতে হবে।

সংসদের কার্যপ্রণালী বিধির ৮ বিধিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পদ্ধতি উল্লেখ করা আছে।

এতে বলা হয়েছে-সাধারণ নির্বাচনের পর অনুষ্ঠিত প্রথম বৈঠক শুরুর অন্তত এক ঘণ্টা আগে স্পিকার হিসেবে কোনো একজন সংসদ সদস্যের নাম প্রস্তাব করে সংসদ সচিবকে লিখিতভাবে জানাতে হবে। আর এ কাজটি করবেন সংসদের যেকোনো সদস্য। ওই প্রস্তাবের সঙ্গে তৃতীয় কোনো সংসদ সদস্যের সমর্থন থাকতে হবে। স্পিকার হিসেবে নাম প্রস্তাবকারী দায়িত্ব নিতে সম্মত বলেও লিখিত থাকতে হবে।

কোনো সদস্য স্পিকার হিসেবে নিজের নাম প্রস্তাব করতে পারবেন না। অথবা অন্য কেউ তার নাম প্রস্তাব করলে তা সমর্থনও করতে পারবেন না। একাধিক ব্যক্তির নামও কোনো একক সদস্য প্রস্তাব করতে পারবেন না।

সংসদের দিনের কার্যসূচিতে যে সদস্যের নাম প্রস্তাব রয়েছে, স্পিকারের চেয়ার থেকে তাকে আহ্বান করা হলে তিনি প্রস্তাবটি উত্থাপন বা প্রত্যাহার করতে পারবেন। বিধিতে এটাও বলা হয়েছে যে, এসময় কেবল এই বিষয়ের মধ্যেই তিনি তার বক্তব্য সীমাবদ্ধ রাখবেন।

যথাযথভাবে উত্থাপিত ও সমর্থিত প্রস্তাবগুলো উত্থাপিত হওয়ার পর ক্রমানুসারে ভোটে দেওয়া হবে এবং প্রয়োজনবোধে বিভক্তি-ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

কোনো প্রস্তাব গ্রহণ হয়ে গেলে সভাপতি বাকি প্রস্তাবগুলো (যদি থাকে) ভোটে না দিয়ে ঘোষণা করবেন যে, গ্রহণ করা প্রস্তাবে উল্লিখিত সদস্য স্পিকার নির্বাচিত হয়েছেন। এরপর নির্বাচিত স্পিকার শপথ নেবেন।

একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আওয়ামী লীগ আবারও নির্বাচিত করবে বলে ঘোষণা দেওয়ায় মঙ্গলবার সংসদের বৈঠকের শুরুতে অর্থাৎ স্পিকার নির্বাচনের সময় তিনি সভাপতিত্ব করতে পারবেন না।

ফলে প্রথমে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তার সভাপতিত্বে আওয়ামী লীগের প্রস্তাবিত শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হলে সংসদের বৈঠক ২০ মিনিটের জন্য বিরতি দেওয়া হবে।

এ সময় নতুন স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ শেষে নতুন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মুলতবি বৈঠক শুরু হবে। এ সময় শুরুতেই ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। স্পিকারের মত ডেপুটি স্পিকারও একই পদ্ধতিতে নির্বাচিত করা হবে।

এরপর অধিবেশনে বিরতি দেওয়া হবে। স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেবেন নতুন স্পিকার। স্পিকার-ডেপুটি-স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

তবে, এর আগে নতুন স্পিকার সংসদে স্বাগত ভাষণ দেবেন। পরে নতুন স্পিকার-ডেপুটি স্পিকারকে স্বাগত জানিয়ে সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন।

এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন। কোনো সংসদের প্রথম অধিবেশন এবং বছরের প্রথম অধিবেশনে সংবিধানের নিয়ম অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি। মো. সাহাবুদ্দিনের এটাই হবে রাষ্ট্রপতি হিসেবে সংসদে প্রথম ভাষণ।

এর আগে ২০১৯ সালে ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। আইন অনুযায়ী ওই সংসদের মেয়াদ শেষ ২৯ জানুয়ারি শেষ হয়েছে। একাদশের মেয়াদ শেষ হওয়ার পরদিনই দ্বাদশ সংসদের মেয়াদ শুরু হচ্ছে।

আসন বন্টন

সরকারি দলের প্রথম সারিতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশের আসনটি সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এবং তার পরের আসনটি বরাদ্দ দেওয়া হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে। এ ছাড়া প্রথম সারিতে আসন পেয়েছেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

সংসদ নেতার পেছনের সারির প্রথম আসনে চিফ হুইপ নুর-ই- আলম চৌধুরী বসবেন।

সংসদে বিরোধীদলীয় নেতার আসন জিএম কাদের এবং বিরোধীদলীয় উপনেতার আসন আনিসুল ইসলাম মাহমুদকে দেওয়া হয়েছে। এ ছাড়া বিরোধী দলের প্রথম সারিতে বিরোধীদলীয় উপনেতার পাশের আসনটি জাপার রুহুল আমিন হাওলাদার এবং তার পরের তিনটি আসন বরাদ্দ দেওয়া হয়েছে স্বতন্ত্র এমপি আবদুল লতিফ সিদ্দিকী, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে।

বিরোধী দলীয় নেতার পেছনের সারির প্রথম আসনে বিরোধী দলের চিফ হুইপ। এছাড়া বিরোধী দলীয় সংসদ সদস্যদের আশপাশে স্বতন্ত্র সংসদ সদস্যদের আসন দেওয়া হয়েছে।

জাপা আসলেই বিরোধী দল, প্রমাণের সুযোগ এসেছে

সোমবার সাংবাদিকদের জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, মানুষের মধ্যে সমালোচনা ছিল গৃহপালিত বা এই ধরনের শব্দ। এই শব্দগুলো যাতে আর ব্যবহার না হয় সে লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আমরা আগামীতে ভূমিকা রাখবো। মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে কাজ করবো। জাপা আসলেই বিরোধী দল, সেটা প্রমাণ করার সুযোগ এসেছে এবার।

তিনি বলেন, জি এম কাদের ও আনিসুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা রাখতে পারবে।

সংসদে দলীয়ভাবে জাতীয় পার্টি একমাত্র বিরোধী দল উল্লেখ করে চুন্নু বলেন, সংসদে আমরা যে বিরোধী দল সেটা স্পিকারের দৃষ্টিতে এসেছে। সংসদের কার্যক্রমে এটা উল্লেখ থাকবে। আমরা স্পিকারকে ধন্যবাদ জানাই এই সিদ্ধান্তের জন্য। সংখ্যাটা বড় নয়, সংসদে কারা বিরোধী সেটা আসল বিষয়।

 

 

কেএসএইচ
আওয়ামী লীগের রেখে যাওয়া ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে স্থির করতে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
কার্যক্রম নিষিদ্ধ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
আওয়ামী লীগের সময় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন...
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (একাংশ) পরিকল্পিতভাবে হারিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। রোববার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর