বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। শুক্রবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্রটি জানায়, গভর্নর এক পৃষ্ঠার একটি পদত্যাগপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে ই-মেইলে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ‘ব্যক্তিগত অসুবিধার’ কথা উল্লেখ করেন।
৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার।
নিয়ম অনুযায়ী, সরকারপ্রধানের সম্মতিতে গভর্নর নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সেই হিসেবে গভর্নরকে পদত্যাগও করতে হয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বুধবার একদল কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ চেয়ে মিছিল করেন। বিক্ষোভকারীরা একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন এবং আরও চারজন শীর্ষ কর্মকর্তাকে ‘পদত্যাগে রাজি’ করান।
২০২২ সালের ১১ জুন গভর্নর হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ পান আব্দুর রউফ তালুকদার। তবে তিনি যোগ দেন ওই বছরের ১২ জুলাই। গভর্নর হিসেবে যোগ দেওয়ার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ছিলেন।
পটপরিবর্তনের আগে গভর্নর কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েন। কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ নিষেধাজ্ঞার জের ধরে সাংবাদিকেরা গভর্নরের সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ সম্প্রতি সাংবাদিকদের প্রবেশের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেয়।
মোংলায় কোটা আন্দোলনে শহীদদের স্মরণে শোক সমাবেশ