নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে সরকার সচেষ্ট থাকবে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা চেষ্টা করছি কালো টাকার উৎসটা বন্ধ করতে । রাজনৈতিক দলগুলোকে এজন্য এগিয়ে আসতে হবে।
বুধবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে সর্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, কালো টাকার উৎস বন্ধ করতে হবে। ইতোমধ্যে এ বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে। এটি নিশ্চিতে অর্থ মন্ত্রণালয়ও সহায়তা করবে। তবে এ জন্য রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন প্রয়োজন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লজিস্টিকের জন্য সাপোর্ট দেয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।
নির্বাচন বন্ধের বিষয়ে উপদেষ্টা বলেন, কারও ব্যক্তিগত মত বা কোনো দলের দাবিতে জাতীয় নির্বাচন বন্ধ হবে না।
ফেব্রুয়ারিতে ভালো একটি নির্বাচন দিতে চায় সরকার। সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে, তিনি যোগ করেন।
এদিকে অর্থনীতিকে সুসংহত ও পুঁজিবাজারকে স্থিতিশীল করতেও কাজ চলছে বলে জানান তিনি।
জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
প্লট দুর্নীতি: হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু