দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি সকাল ৬টায় কিয়াইকতো’র কাছে মিয়ানমার উপকূল অতিক্রম করেছে। পরে এটি একই এলাকায় দুর্বল হয়ে মিয়ানমার এবং এর কাছাকাছি পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমে দুর্বল হয়ে যেতে পারে।
এদিকে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে।
মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘কব্জিকাটা’ গ্রুপের চার সদস্য গ্রেপ্তার
রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯২