সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন তরুণকে ‘ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ এবং নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে মোট তিন কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পভিত্তিক অনুদান দিতে যাচ্ছে সরকার। আগামী শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার ও অনুদানের চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে যুব উন্নয়ন অধিদপ্তরের সাম্প্রতিক প্রশ্নফাঁসের ঘটনা প্রতিমন্ত্রী বলেন, প্রশ্নফাঁসের তথ্য পাওয়ার পরপরই আমরা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষার্থীদের ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
তিনি আরও জানান, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি আরও কিছুটা সময় চেয়েছে এবং এর পেছনে আগের কোনো চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী সোমবারের মধ্যে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, আগামী শুক্রবারের পরীক্ষা যাতে সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা হবে। তদন্তে যে রিপোর্টই আসুক না কেন, জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ২৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের মধ্য থেকে আটটি ক্যাটাগরিতে (আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি) মোট ১৫ জনকে এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। পুরস্কার হিসেবে প্রতিটি পদকের সঙ্গে এক লাখ টাকার নগদ অর্থ বা প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।
পাশাপাশি নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনের মধ্যে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠনকে এক লাখ টাকা, উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠনকে ৭৫ হাজার টাকা এবং বিশেষ ক্যাটাগরির সেরা ২০টি সংগঠনকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।
স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই অনুদানের টাকা সরাসরি সংশ্লিষ্ট সংগঠনের ব্যাংক অ্যাকাউন্টে ইএফটি -এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের জেলা প্রশাসকরা যুক্ত থাকবেন এবং স্থানীয়ভাবে অবশিষ্ট সংগঠনগুলোর হাতে অনুদানের চেক হস্তান্তর করবেন।
