সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আপিল করার সুযোগ নেই; তিনি দেশে ফিরলেই সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। একই সঙ্গে শেখ হাসিনাকে বিভিন্ন সংবাদমাধ্যমে কথা বলতে দেখাটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত ‘বিরক্তিকর’ বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।
ড. জাহেদ উর রহমান বলেন, সাবেক সরকারের প্রধান হিসেবে দেশের ওপর যে আঘাত ও অপকর্ম করা হয়েছে, সেজন্য তাকে বিচারিক ব্যবস্থার মুখোমুখি হতেই হবে।
ভারতের ভূমিকা ও অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্কের স্বার্থেই ভারতের উচিত ছিলো দায়িত্বশীল আচরণ করা এবং এমন বিষয়ে মুখ বন্ধ রাখা, কিন্তু ভারত তা করেনি।
শেখ হাসিনার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, ভারতের অবস্থান সরকারের দৃষ্টিতে সন্তোষজনক নয়।
ব্রিফিংয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান, বোয়িং ও এয়ারবাস ক্রয়ের পরিকল্পনা, দেশে এলএনজি রিগ্যাসিফিকেশন সঙ্কট নিরসনে চীনের চুক্তি এবং সম্প্রতি ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থার বিষয়টিও আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন তিনি।
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে গত সোমবার অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরকারের মুখপাত্র বলেন, যারা এই ধরনের হামলা বা হেনস্তা করেন, তারা অত্যন্ত নোংরা মানসিকতার। ইতালির স্থানীয় আইন অনুযায়ী যা যা আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তার সবই করা হবে। ঘটনাটি প্রসঙ্গে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতায় নতুন করে উড়োজাহাজ কেনা প্রসঙ্গে উপদেষ্টা জানান, অর্থনৈতিক সঙ্কট থাকা সত্ত্বেও বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করা জরুরি। তবে বোয়িং ক্রয়ের অর্থ একবারে নয়, বরং ধাপে ধাপে পরিশোধ করা হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী এয়ারবাস থেকেও উড়োজাহাজ কেনা হবে। কাউকে পেছনে ফেলে অন্য কাউকে সামনে আনার কোনো বিষয় এখানে নেই।
ব্রিফিংয়ে চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ পর্যাপ্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে পারছে না বলে জানান তথ্য উপদেষ্টা। এর মূল কারণ হিসেবে তিনি জানান, আমদানি করা গ্যাসকে পুনরায় গ্যাসে রূপান্তর বা রিগ্যাসিফিকেশনের প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে। তবে জ্বালানি সঙ্কট সমাধানে চীনের সঙ্গে সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের একটি চুক্তি সই হয়েছে। আগামী দেড় বছরের মধ্যে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে বলে জানান তিনি।
তথ্য উপদেষ্টা জানান, ২০২৩ সালের জুন জুলাই মাসে এবছরের চেয়ে বেশি লোডশেডিং ছিলো। তবে ২০২৬ সালের আগস্ট মাসে ২০২৩ সালের চেয়ে বেশি লোডশেডিং হয়েছে। ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের চালু হলে সক্ষমতা বাড়বে।
খাদ্যবান্ধব কর্মসূচি ছয় মাস চলবে জানিয়ে তিনি বলেন, এতে ৫৫ লাখ মানুষ সুবিধাভোগী হবেন।
