রিয়াল মাদ্রিদের ম্যাচ মানেই এখন কারিম বেনজামা ম্যাজিক। স্প্যানিশ লা লিগায় শেষ মুহুর্তে এ ফরাসির গোলেই সেভিয়াকে ৩-২ গোলে হারালো লস ব্লাঙ্কোস।
খেলার যোগ হওয়া সময়ে গোল করে আরও একবার রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক বনে যান দুর্দান্ত ফর্মে থাকা ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।
রোববার রাতে, ঘরের মাঠে শুরুতেই চমক দেখায় সেভিয়া। ইভান রাকিতিচের নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এরিক লামেলা। প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে রিয়াল।
গত বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেই স্নায়ুক্ষয়ী ম্যাচের রেশ কাটিয়ে আড়মোড়া ভাঙতে একটু সময় নেয় রিয়াল।
বিরতির পর পাল্টে যায় চিত্র। রদ্রিগো ব্যবধান কমানোর পর সমতা টানেন নাচো ফের্নান্দেস। ২-২ সমতায় শেষের পথে ম্যাচ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেই যাদু দেখান বেনজেমা।
এ জয়ে ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান আরও শক্ত করেছে রিয়াল। হেরে তিন নম্বরে নেমে গেছে সেভিয়া, রিয়ালের সমান ম্যাচ খেলে এখন তাদের পয়েন্ট ৬০।
একাত্তর/এআর
