জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল কমনওয়েলথ গেমস-২০২২ এর।
ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বসেছে বিশ্বের অন্যতম ক্রীড়া প্রতিযোগিতার ২২তম আসরটি।
বৃহস্পতিবার (২৯ জুলাই) ‘গেমস ফর এভরিওয়ান’ এই স্লোগানকে সামনে রেখে আলেকজান্ডার স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।
বার্মিংহাম কমনওয়েলথ গেমসের উল্লেখযোগ্য বিষয় হলো, সামাজিক পরিবর্তন। যেকোনো ক্রীড়াবিদকে নিজ নিজ জায়গা থেকে ইতিবাচকভাবে সামাজিক পরিবর্তনের দিকটি বিবেচনার ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে।
এবারের আসরে ৭২টি দেশের প্রায় ৫ হাজার ৫৪ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। ১৯টি ডিসিপ্লিনে ২৮০টি স্বর্ণপদকের জন্য ১১দিন ধরে চলবে প্রতিদ্বন্দ্বিতা।
আসরে নতুন করে যুক্ত হয়েছে নারীদের টি২০ ক্রিকেট, বাস্কেটবল ও হুইলচেয়ার বাস্কেটবল। ফলে গেমস ও প্যারা গেমস মিলিয়ে গেমসের ইতিহাসে সর্বাধিক ইভেন্টে অংশ নিতে যাচ্ছেন নারী ক্রীড়াবিদরা। গেমসে ১৩৬ ও প্যারা গেমসে ৪২টি ইভেন্ট থাকছে শুধুমাত্র নরীদের জন্য।
এবারের গেমসে অ্যাথলেটিকস, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, কুস্তি ও টেবিল টেনিসে অংশ নিচ্ছে বাংলাদেশের প্রতিযোগিরা।
বাংলাদেশের প্রতিযোগিরা হলেন- হোসেন আলী, সুর কৃষ্ণ চাকমা, সেলিম হোসেন (বক্সার), শিশির আহমেদ, আবু সাঈদ রাফি (জিমন্যাস্ট), আসিফ রেজা, সুকমার রাজবংশী, সোনিয়া খাতুন, মাহমুদুন নবী নাহিদ, মরিয়ম আক্তার (সাঁতারু), মারজিয়া আক্তার ইকরা, মাবিয়া আক্তার সীমান্ত, মনিরা কাজী, আশিকুর রহমান (ভারোত্তোলক), মোহতাসিন আহমেদ হৃদয়, রিফাত মাহমুদ সাব্বির, মুফরাদুল খায়ের হামজা, রামহীম রিয়ন বুম, সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ (টেবিল টেনিস)। এবারই প্রথম নারীদের ক্রিকেট থাকলেও বাংলাদেশ এতে অংশ নিচ্ছে না।
এ নিয়ে তৃতীয়বার কমনওয়েলথ গেমসের আয়োজন করছে ইংল্যান্ড। এর আগে ১৯৩৪ সালে লন্ডনে এবং ২০০২ সালে ম্যানচেস্টারে গেমসের আয়োজন করেছিল দেশটি।
একাত্তর/এআর
